জুলাই গণহত্যার বিচারের দাবিতে কাপাসিয়ায় জামায়াতের গণমিছিল

জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কাপাসিয়ায় জামায়াতের গণমিছিল
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কাপাসিয়ায় জামায়াতের গণমিছিল |নয়া দিগন্ত

জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৪ জুলাই) বিকেলে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা শেফাউল হকের নেতৃত্বে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশে তাজউদ্দীন আহমদ চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ডাকবাংলো মোড়, প্রেসক্লাব মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড ও থানার মোড় প্রদক্ষিণ করে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা শেফাউল হক।

বক্তব্য দেন জেলা জামায়াতের ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শামসুল আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদুর রহমান ফাত্তাহ, ইমতিয়াজ বকুলসহ জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া কোনোভাবেই বিলম্বিত বা বাধাগ্রস্ত করা যাবে না বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা আরো বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন জরুরি। তাদের ভাষ্য, ফ্যাসিবাদের বিলোপ, ন্যায়বিচার, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠাই জুলাই সনদের মূল লক্ষ্য। জুলাই শহীদদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি এবং নতুন বাংলাদেশ গঠনের স্বার্থে গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।