জামালপুরের মেলান্দহে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আলাল উদ্দিন (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আলাল উদ্দিন মেলান্দহ উপজেলার দুরমুঠ (চৌরাস্তা) গ্রামের মরহুম দুদু মিয়ার ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাধা গ্রামে আজিজুল ইসলামের নির্মাণাধীন দুইতলা ভবনের ছাদে কাজ করছিলেন শ্রমিক আলাল উদ্দিন। অসাবধানতাবশত তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



