নাটোরের সিংড়ায় বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টার দিকে ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে তার মৃত্যু হয়।
নিহত ইসমাইল হোসেন উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মরহুম কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ইসমাইল হোসেন সকাল ৬টার দিকে বাড়ির পাশের দক্ষিণ মাঠে মাছ ধরতে যান। সেই সময় মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। সেই বজ্রপাতে তার মৃত্যু হয়।
পরে স্থানীয় সিদ্দিক নামে অন্য এক কৃষক মাছ ধরতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। লাশ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে লাশ পরিবারের কাজে হস্তান্তর করা হয়েছে।



