রংপুর ডিভিশনের জনগণ নিরীহ প্রকৃতির ও শান্তিপ্রিয়। এখানে শান্তিপূর্ণ ও ক্রেডিবল ইলেকশন হবে বলে প্রত্যাশা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
রংপুর বিভাগীয় কমিশনারের মিলনায়তনে জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন বিষয়ে ভোটের সাথে সংযুক্ত সিভিল, মিলিটারি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। সেখানে রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুর বিভাগের আট জেলার ডিসি, এসপি, সেনাবাহিনী বিজিবি ঊর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা হেল্প করবেন। কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যে জায়গায় যে রকম ব্যবস্থা নেয়ার প্রয়োজন ওই ধরনের প্রস্তুতি আমাদের নেয়া হয়েছে এবং আজকের মতবিনিমিয় সভায় সেটা আলোচনা হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে।’
সীমান্ত এলাকার বিষয়ে তিনি বলেন, ‘এই বর্ডার এলাকায় প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন আট কিলোমিটারের ভিতরে সাধারণত সেনাবাহিনী যায় না। যদি ওরকম প্রয়োজন পড়ে সেনাবাহিনী ওই জায়গায় যাবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশে আটটা ডিভিশন। আমাদের সাতটা ডিভিশনে এই মতবিনিময় সভার শেষ আজকে লাস্ট ছিল রংপুর ডিভিশনে। এখানে আমাদের মতবিনিময় সভা হয়েছে এবং তাদের প্রস্তুতি সম্বন্ধে আলোচনা হয়েছে। এখানে তাদের প্রস্তুতি মাশাল্লাহ খুবই ভালো। যেইগুলো এই সময়ের ভিতরে প্রিপারেশন নেয়ার প্রয়োজন ছিল, ওই সবকটার প্রিপারেশন তারা নিয়ে ফেলছে।’



