ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদসংলগ্ন জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উদ্যানে দর্শনার্থীদের ভিড় ছিল। এ সময় নাগরদোলাটি চলন্ত অবস্থায় হঠাৎ ভেঙে মাটিতে পড়ে যায়। এতে শিশুসহ অন্তত পাঁচজন আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঘটনাস্থলে উপস্থিত আবুল মনসুর বলেন, ‘দীর্ঘদিন ধরে উদ্যানে অবৈধভাবে এসব নাগরদোলা বসিয়ে ব্যবসা চালিয়ে আসছিল একটি চক্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।’
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মাওলা জানান, আহত পাঁচজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জোবায়দুল ইসলাম বলেন, ‘আহতদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ভজন সরকার (৪০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
এদিকে, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



