ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের দাপট থামছেই না। একের পর এক শিশু আক্রান্ত হচ্ছে, আর সেই তালিকায় যুক্ত হচ্ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত চিকিৎসাধীন আরো এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৪১ জন শিশু।
রোবরার (১৯ এপ্রিল) বিকেলে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন মৃত শিশুটির বয়স ১১ মাস। সে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে আসা। গত ১৯ এপ্রিল হামের লক্ষণ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি ৪১ জনের বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮ শিশু। তবে সামগ্রিক চিত্র মোটেও স্বস্তিদায়ক নয়। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ৬৫২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। এর মধ্যে ৫৫৭ জন সুস্থ হলেও ১৫টি শিশুর মৃত্যু ইতোমধ্যেই গভীর শঙ্কা তৈরি করেছে অভিভাবকদের মধ্যে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং একটি শিশুর মৃত্যু হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেয়া হলেও রোগীর চাপ ক্রমেই বাড়ছে।



