গণভোটের রায় অমান্যের প্রতিবাদে হাটহাজারীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শনিবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
হাটহাজারীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
হাটহাজারীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ |নয়া দিগন্ত

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

হাটহাজারী ডাকবাংলো চত্বরে বিকেল চারটায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়। পরে বাদ আসর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল হয়ে হাটহাজারী বাসষ্ট্যান্ড ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক ঘুরে কাচারী রোড় হয়ে পৌরসভা কার্যালয়ের সামনে এসে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রহমান চৌধুরী, শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ও চাকসু জিএস সাঈদ বিন হাবীব, বাংলাদেশ খেলাফত মজলিশ নেতা মাওলানা নাছির উদ্দীন মুনির, রাউজান উপজেলা জামায়াতের আমির শাহজাহান মঞ্জু ও হাটহাজারী উপজেলা আমির অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার বলেন, গণভোটে ৭০ শতাংশ ভোটার জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। আর ৫১ শতাংশ ভোটারের রায়ে গঠিত বিএনপি সরকার গণভোটের সে রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনে রায় দিয়েছিল। জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলের ৭৭ জন প্রতিনিধি দুটি শপথ নিলেও, বিএনপি গণভোটের রায় প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে।

বক্তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি, সংবিধানের কাঠামোগত আমূল সংস্কার ছাড়া নিছক গতানুগতিক সংশোধনীতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না। তাই সরকারের এ গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে বিরোধী দল সংসদে ওয়াকআউট করে প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে রাজপথেও জনরায় বাস্তবায়নের আপসহীন লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেছে।

বক্তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, সরকার যদি পুরানো ফ্যাসিবাদে ফিরে যায় তাহলে আগের ফ্যাসিবাদের চেয়েও ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।

জনগণকে আহ্বান করে বক্তারা বলেন, বিএনপি সংসদে সংখ্যাধিক্যের অপব্যবহার করে জনগণের পবিত্র রায়কে আজ চরমভাবে অবজ্ঞা করেছে। সরকারের এ জনবিমুখ অবস্থান দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় চুপ থাকা মানেই ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে বরণ করে নেয়া। তাই সংসদে যদি ফয়সালা না হয় জনগণের রাজপথেই শেষ পায়সালা হবে। তাই, জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন উত্তরজেলা জামায়াতের সহকারী অফিস সম্পাদক এজহারুল ইসলাম, হাটহাজারী উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক সোয়াইব চৌধুরী, শিবিরের চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউছুপ বিন সিরাজ, রাউজান উপজেলা সেক্রেটারি মো: রিদওয়ান শাহ, হাটহাজারী পৌর জামায়াতের আমির মাস্টার মাহমুদুল করিম প্রমুখ।