সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারিচালিত রিকশায় হাসপাতাল যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ছেলে।
মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নূরজাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত রিকশায় করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কের খানাখন্দের কারণে রিকশাটি রাস্তার মাঝখানে উঠে পড়ে। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার। আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।



