মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা এলাকায় প্রাক-মৌসুমী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ ও প্রবল কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় অধিকাংশ পরিবার। ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত সেই অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) দায়িত্বপূর্ণ উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকায় ওই ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আতাউর রহমান সুজন সরাসরি উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সঙ্ঘটিত প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফুলতলা এলাকার অধিকাংশ ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বহু ঘরবাড়ি ও রাস্তাঘাটের ওপর গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই পরিপ্রেক্ষিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) উদ্যোগে অধীনস্থ ফুলতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে— চার কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিড়া, দুই লিটার বিশুদ্ধ পানি, ৫০০ গ্রাম লবণ ও পাঁচ প্যাকেট করে খাবার স্যালাইন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এ মানবিক ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলায় সবসময়ই জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বিজিবির এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



