সিংড়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম করল আওয়ামী লীগ কর্মীরা

নাটোরের সিংড়ায় পুকুর নিয়ে দ্বন্দ্বে মাহমুদা বেগম (৩৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সিংড়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম করল আওয়ামী লীগ কর্মীরা
সিংড়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম করল আওয়ামী লীগ কর্মীরা |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় পুকুর নিয়ে দ্বন্দ্বে মাহমুদা বেগম (৩৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় ওই গৃহবধূকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে ছেলে আকাশ আলীও (২২)।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহরের মহেশচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।

প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ কর্মী আতিকুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেছেন আহত গৃহবধূর স্বামী আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে মহেশচন্দ্রপুর গ্রামের অটোচালকের সাথে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আতিকুল ইসলামের একটি পুকুর নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। রোববার ওই অটোচালক বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রী মাহমুদা বেগমকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ আতিকুল ইসলাম ও তার লোকজন। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার ছেলে আকাশ আলীও ধারালো অস্ত্রে আহত হয়। পরে মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী আতিকুল ইসলাম মোবাইল ফোনে পুকুর নিয়ে দ্বন্দ্বের বিষয় স্বীকার করলেও কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেছে কি না, তা জানা নেই বলে জানান।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘আহতরা থানায় এসেছিলেন। অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ হাতে পেলেই ব্যবস্থা নেয়া হবে।’