টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মা-ছেলেসহ নিহত পাঁচজনের লাশ নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নে পুর্ব নিজপাড়া ও বোয়ালীদহ গ্রামে লাশগুলো পৌঁছায়।
নিহতরা হলেন পূর্ব নিজপাড়া গ্রামের হামিদুজ্জামান মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০), তার ছেলে নিরব মিয়া (১১), আজিজার রহমানের ছেলে সুলতান রহমান (২৫), আবদুর রশিদ মিয়ার মেয়ে রিফা আক্তার (২০) ও বোয়ালীদহ নামাপাড়া গ্রামের দোলা বেগম (২৫)।
নিহততের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে সবাই টাঙ্গাইলের মির্জাপুর এলাকার গার্মেন্টসে চাকরি করতেন। এই ঈদের ছুটিতে বাড়িতে আসেন। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেয়ার জন্য শুক্রবার স্থানীয় পঁচার বাজার থেকে বনশ্রী বাসযোগে টাঙ্গাইলের দিকে রওনা হন তারা। পথিমধ্যে কালিহাতী এলাকায় পৌঁছালে বাসটির তেল ফুরিয়ে যায়। এ সময় যাত্রীরা অলস সময় পার করতে ট্রেন লাইনে বসে পড়েন। এতে হঠাৎ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন।
এদিকে শনিবার সকালে নিহতদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশগুলো দাফনের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে হামিদুজ্জামান মিয়া বলেন, ‘আমার স্ত্রী নার্গিস বেগম গার্মেন্টেসে চাকরি করে সংসার চালাতেন। এরই মধ্যে আমার স্ত্রী-সন্তান দু’জনে ট্রেনে কাটা পড়ে মারা গেল। এখন আমি কিভাবে বাঁচবো।’
সাদুল্লাপুরে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, ‘ট্রেনে কাটা পড়ে আমাদের এলাকায় পাঁচজন নিহতের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ইতোমধ্যে শোকাহত পরিবারে খোঁজখবর নেয়া হচ্ছে। পরিষদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।’



