প্রায় ৪ মাস পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে সিলেটের জমি। টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর ফাল্গুন শেষে চৈত্রের আগমনীর মধ্যেই সিলেটে দেখা মিলেছে ঝড়ো বৃষ্টির।
শুক্রবার (১৩ মার্চ) ভোররাত থেকেই সিলেট নগরী, জেলা ও পার্শ্ববর্তী জেলাসমূহে শীতল বাতাস বইতে থাকে। ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টি হলেও সকাল ৯টার দিকে থেকে শুরু হয় টানা বৃষ্টিপাত, যা চলতে থাকে দুপুর ১২টা পর্যন্ত।
আবহাওয়া অধিদফতর সিলেটের তথ্যমতে, এই ৩ ঘণ্টায় সিলেটে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের ৩ ঘণ্টায় হয় ২ মিলিমিটার বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদফতরের শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৭ মার্চ পর্যন্ত সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে সিলেটে বৃষ্টির দেখা নেই বললেই চলে। এদিকে বৃষ্টির কারণে বোরো ধান ও চা উৎপাদন হুমকীর মুখে পড়েছে।
স্বস্তির বৃষ্টিতে বোরো ধান ও চা উভয়ই উপকৃত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



