হিলি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দু্ই হাজার পিস নেশা জাতীয় ইনজেকশনসহ সুরুজ খান ও রবিউল ইসলাম নামের দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মে) ভোরে হিলির চেকপোস্ট সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা সুরুজ খান হিলির উত্তরবাসুদেবপুর এলাকার মরহুম আজাদ খানের ছেলে ও রবিউল ইসলাম ওই এলাকার মরহুম হাসান আলীর ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভারত থেকে মাদকের একটি চালান দেশে প্রবেশের পর হিলির উত্তরবাসুদেবপুর এলাকায় কেনাবেচা হচ্ছে গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুরুজ ও রবিউল নামের দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে দুই হাজার পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এসময় অপর একজন দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাপূর্বক আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



