গাজীপুরে প্রতিবেশীর ঘরের দেয়াল ধসে এক কৃষকের গাভী ও বাছুরের মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের অবহেলাজনিত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করে ক্ষতিগ্রস্থ কৃষক শুক্রবার (১৯ জুন) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কালীগঞ্জ উপজেলার আদি জাঙ্গালিয়া (মরাশ) গ্রামের কৃষক ছাদেকুর রহমান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন— ছিদ্দিকুর রহমান ও দিল মোহাম্মদ শেখ। তারা একই গ্রামের মরহুম নূরুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা কৃষক ছাদেকুর রহমানের চাচাত ভাই। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক ছাদেকুর।
কৃষক ছাদেকুর রহমান শেখ জানান, একই গ্রামের ছিদ্দিকুর রহমান ও দিল মোহাম্মদ শেখের মালিকানাধীন পরিত্যক্ত একটি মাটির ঘর দীর্ঘদিন ধরে ঝুঁকিপূণ অবস্থায় ছিল। ওই ঘরের পাশেই কৃষক ছাদেকুর রহমানের গোয়ালঘর ছিল। ইতোপূর্বে ঘরটির বিভিন্ন অংশ ভেঙে পড়ায় প্রায় দেড় বছর ধরে ঘরটি ভেঙে সরিয়ে নেয়ার জন্য প্রতিবেশীদের বলে আসছিলেন কৃষক ছাদেকুর, কিন্তু প্রতিবেশীরা বিষয়টি গুরুত্ব দেয়নি।
বৃহস্পতিবার বিকেলে হঠাৎ ঘরের উত্তর পাশের দেয়াল ভেঙে গোয়ালঘরের ওপর পড়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা একটি গাভী ও একটি বাছুর দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মারা যাওয়া গাভী ও বাছুরের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
গাভীটি প্রতিদিন পাঁচ কেজি দুধ দিত। সেই দুধ বিক্রি করেই তিনি সংসারের খরচ যোগাতেন। আকস্মিক এ দুর্ঘটনায় তিনি নিঃস্ব হয়ে গেছেন। ঘটনার পর ঘরের মালিকদের কাছে কৃষক ছাদেকুর ক্ষতিপূরণ দাবি করলে তারা মেজাজ দেখান। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় কৃষক ছাদেকুর শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, কৃষক ছাদেকুর রহমান একজন অতি দরিদ্র কৃষক। তার চলার একমাত্র সম্বল ছিল ওই গাভী। তার চাচাত ভাইকে একাধিকবার পরিত্যক্ত ঘরের দেয়াল ভেঙে ফেলার অনুরোধ করলেও তারা ঘরটি সরায়নি বা ভাঙেনি। ঘরের মালিকদের গাফিলতির কারণেই কৃষক ছাদেকুর রহমানের বড় ক্ষতি হয়ে গেলে। তিনি বড় ধরনের আর্থিক ক্ষতিসহ নিঃস্ব হয়ে গেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, দেয়াল ধসে গরু মারা যাওয়ার ঘটনায় তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) ঘটনাস্থলে পাঠানো হয়েছে।



