ফেনী অফিস
ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউপি’র সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমকে (৪৫) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল শনিবার ভোরে তার বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে গণহত্যার ঘটনায় ফেনী মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। ডালিম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মু. সাইফুল ইসলাম নয়া দিগন্তকে জানান, ডালিমকে গ্রেফতারের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। ফেনী মডেল থানা পুলিশের একটি দল তাকে নিয়ে রাজধানী থেকে ফেনীর পথে রয়েছেন।
গ্রেফতার দেলোয়ার হোসেন ডালিমের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেননি ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। তবে তার বিরুদ্ধে ৩টি ওয়ারেন্ট ও মহিপাল গণহত্যার ৬টি মামলা রয়েছে বলে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।
ডালিমের পৈত্রিক বাড়ি কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।


