চকরিয়ায় চিংড়ি ঘের দখল নিতে ঘের মালিককে হত্যা

পুলিশের পোশাক (জ্যাকেট) পরে রমজান আলী তার সশস্ত্র ডাকাত-সন্ত্রাসীদের নিয়ে ঘেরটি জবর-দখল করতে যায়। এ সময় ঘেরের খামার বাড়িতে অবস্থানরত বড় ভাই মনজুর আলম প্রকাশ কালুকে ধাওয়া দিয়ে পাশের খালে নিয়ে যায়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
নিহত চিংড়ি ঘেরের মালিক মনজুর আলম প্রকাশ কালু
নিহত চিংড়ি ঘেরের মালিক মনজুর আলম প্রকাশ কালু |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখলে নিতে ঘেরের মালিক মনজুর আলম প্রকাশ কালুকে (৫০) হত্যা করেছে সশস্ত্র ডাকাত-সন্ত্রাসীরা। বেধড়ক পেটানোর পর ঘেরের পাশের খালের পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোররাত ৪টার দিকে চকরিয়ার চিংড়ি জোন ডুলাহাজারার ডুমখালী এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত মনজুর আলম প্রকাশ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মরহুম জাফর আলমের ছেলে বলে জানা গেছে।

চকরিয়া চিংড়ি জোনের ডুমখালী এলাকায় পুলিশের পোশাক পরে ডুলাহাজারার ডুমখালী এলাকার আলোচিত ডাকাত-সন্ত্রাসী রমজান আলীর নেতৃত্বে এ হত্যাকাণ্ড সঙ্ঘটিত করা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

নিহতের ভাই জামাল হোসাইন অভিযোগ করে বলেন, ডুলাহাজারা ইউনিয়নের চিংড়ি জোনের বড় ডুমখালী ঘোনা এলাকায় আমার বড় ভাই মনজুর আলমের মালিকানাধীন চার একরের একটি চিংড়ি ঘের রয়েছে। সেই চিংড়ি ঘের দখলে নিতে আলোচিত সন্ত্রাসী রমজান আলীর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা অতি সম্প্রতি ঘেরে হানা দেয়। এ সময় ঘের থেকে লুট করা হয় উৎপাদিত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ও ঘেরের মূল্যবান মালামাল।

তিনি অভিযোগ করেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি। এ অবস্থায় রমজান আলীর নেতৃত্বে সশস্ত্র ডাকাত-সন্ত্রাসীদল আরো বেপরোয়া হয়ে পুরো ঘের দখলে নেয়ার উদ্দেশ্যে শুক্রবার ভোররাত আড়াইটার দিকে ফের ঘেরে হামলা চালায়।

জামাল হোসাইন দাবি করেন, সন্ত্রাসী রমজান আলীর ছোট ভাই শহীদুল ইসলাম পুলিশ বাহিনীতে কর্মরত আছেন। সেই শহীদুল ইসলামের পুলিশের পোশাক (জ্যাকেট) পরে রমজান আলী তার সশস্ত্র ডাকাত-সন্ত্রাসীদের নিয়ে ঘেরটি জবর-দখল করতে যায়। এ সময় ঘেরের খামার বাড়িতে অবস্থানরত বড় ভাই মনজুর আলম প্রকাশ কালুকে ধাওয়া দিয়ে পাশের খালে নিয়ে যায়। সেখানে বেধড়ক পিটুনি দেয়ার পর পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল ঘেরের কাছে খালের পাড় থেকে মনজুর আলম প্রকাশ কালুর লাশ উদ্ধার করে। তবে এ সময় লাশের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর নিয়মানুযায়ী ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়।’

তিনি আরো বলেন, ‘এতে কোনো দুর্বৃত্ত পুলিশের পোশাক পরিহিত ছিল কি-না তা খতিয়ে দেখা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’