চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিয়ের মেহেদি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আয়েশা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর এলাকার রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত নুর আয়েশা ওই গ্রামের মোহাম্মদ শফির স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী রিজোয়ান উদ্দিনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। সন্ধ্যার পর মেহেদি অনুষ্ঠান চলাকালে সেখানে টানানো আলোকসজ্জার জেনারেটরের বৈদ্যুতিক তারের স্পর্শে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নুর আয়েশা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



