উখিয়ায় শিল্পীর বাড়িতে থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উদ্ধার হওয়া ইয়াবার চালান জব্দ করে শাকিলা শারমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Ukhia
পলাতক ইদ্রিস
পলাতক ইদ্রিস |নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে এক লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় স্থানীয় কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী শাকিলা শারমিন রেশমীকে (২২) গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের সময় ইদ্রিস পালিয়ে যেতে সক্ষম হন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (৬ জুলাই ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় র‌্যাব-১৫ এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার শাকিলা শারমিন রেশমী হাজিরপাড়া এলাকার মরহুম আবুল কালামের মেয়ে এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

র‌্যাব জানায়, অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যান। স্থানীয় সূত্রের দাবি, পালিয়ে যাওয়া ব্যক্তি ইদ্রিস।

মঙ্গলবার র‌্যাব-১৫ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার চালান জব্দ করে শাকিলা শারমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস দাবি করেন, তার পরিবারকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ অত্যন্ত বড় এবং এর বাজারমূল্য কোটি টাকায় পৌঁছাতে পারে। এমন বিপুল পরিমাণ মাদক কেবল কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এনে রাখা হয়েছে, এ ধরনের দাবি তদন্তের আগে গ্রহণযোগ্য নয়।

স্থানীয় অনেক বাসিন্দাও একই ধরনের প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, কাউকে মিথ্যা মামলায় জড়াতে চাইলে সাধারণত এত বড় পরিমাণ মাদক ব্যবহার করার যৌক্তিকতা থাকে না।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সম্ভাব্য পাচারচক্র এবং পলাতক ব্যক্তিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আটক শাকিলা শারমিন রেশমীকে উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব ১৫। এই ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।