গাইবান্ধার সাদুল্লাপুরের ছাদেক আলী (৫৬) নামে এক ব্যক্তির গাছ জোরপূর্বক কেটে জমি দখলের চেষ্টার অভিযোগে স্থানীয় খায়রুল ইসলাম খুশির (৪০) বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এ মামলায় ১৪৪-১৪৫ ধারা জারি করেছে আদালতের বেঞ্চ সহকারী।
সম্প্রতি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাদেক আলী ওই গ্রামের মরহুম খলিলুর রহমানের ছেলে এবং অভিযুক্ত খাইরুল ইসলাম খুশি একই গ্রামের মরহুম খয়বর হোসেনের ছেলে।
গাইবান্ধা আদালতে দায়ের করা মামলার বাদী ছাদেক আলী তার এজাহারে উল্লেখ করেন, সদরপাড়া মৌজার ৮৩২ দাগের ৩৮ শতকের মধ্যে দক্ষিণ পাশে সাড়ে ৩৫ শতক জমি স্বত্ববান দখল থেকে প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে আম-কাঁঠাল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে ভোগদখল করে আসছেন ছাদেক আলী। এরই একপর্যায়ে গত ২ মে সকালের দিকে খাইরুল ওই জমি জোরপূর্বক দখল চেষ্টায় বহিরাগত দলবল নিয়ে বেশ কিছু গাছ কাটেন। এ সময় জরুরিসেবা ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সাময়িক শান্ত করে।
এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী ছাদেক আলী বলেন, ‘খাইরুল ইসলাম খুশি গংরা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার রোপণ করা বেশ কিছু গাছ কেটেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এ নিয়ে আদালতে মামলা করা হলে বিবাদীরা আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
অভিযুক্ত খাইরুল ইসলাম খুশি বলেন, ‘পৈতৃক সূত্রে ওই জমির মালিক আমি নিজেই। এ কারণে গাছ কেটে ঘর নির্মাণের চেষ্টা করছি।’
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াকুব আলী জানান, জরুরিসেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। সেইসাথে বাদী ছাদেক আলীর দায়ের করা মামলার ১৪৪ ধারা জারি করেছে বিজ্ঞ আদালত।



