কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আবু আহমদ হোনা মিয়া (৩৫) এক যুবক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোনা মিয়া উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি যুবদল কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। এঘটনায় পুলিশ তাৎক্ষণিক ৭ জনকে আটক করেছে। আটককৃতরা সবাই ছাত্রদলের নেতাকর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরকারি নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিন ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কড়া পাহারায়ও তাদেরকে ঠেকানো যাচ্ছিলো না। গত কয়েকদিন পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ নামক স্থানে মাটিকাটাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। শনিবার দিবাগত রাতে ওই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। রাত ৩টার দিকে সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পূর্ব শিলুয়া গ্রামের জানে আলমের ছেলে আলাউদ্দিন সুজন (৩০) ও একই গ্রামের নূর আলমকে (৪০) হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানান, নির্বাচনের পর থেকে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও নিজে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছিলেন। কিন্তু বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী কিছু ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে মাটি কেটে আসছিল।
ছাগলনাইয়া থানার ওসি শাহিন মিয়া জানান, পুর্ব শিলুয়া গ্রামে মাটিকাটা নিয়ে গভীর রাতে দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘটনায় একজন নিহত ও দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করে ফেনী মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা রেকর্ডের পর আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আটককৃতরা হলো একই উপজেলার মটুয়া গ্রামের জাকির আহমদের ছেলে কামরুল হাসান জাহিদ (৩০), একই গ্রামের আবদুর রৌফের ছেলে ইসমাইল হোসেন মুন্না (২০), জাকির আহমদের ছেলে কামরুজ্জামান ফারুক (২৮), আবুল হাসেমের ছেলে মো: ইস্রাফিল (২৬) ও সফিকুর রহমানের ছেলে আজমিরুল ইসলাম (২৭), দক্ষিণ মটুয়ার মজিবুর রহমানের ছেলে আবদুর রহমান রকি (২৫), মীরসরাই উপজেলার হিছাছড়া গ্রামের নাছির উদ্দিন মজুমদারের ছেলে ফয়েজ মোহাম্মদ মাহাদী (৩০)। এদের মধ্যে জাহিদ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী। অন্যান্যরা একই সংগঠনের নেতাকর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।



