দর্শনায় এক কেজি ওজনের স্বর্ণবারসহ আটক ২

জব্দ করা স্বর্ণবারগুলোর ওজন এক কেজি ১৬২ গ্রাম। এছাড়া পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
আটটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি
আটটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় ভারতে পাচারের সময় এক কেজি ১৬২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা।

মঙ্গলবার সকালে দর্শনার ছয়ঘড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে সীমান্ত পিলার নম্বর ৭৯ থেকে প্রায় ১,২০০ গজ ভেতরে তেমাথা এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।

আটকরা হলেন দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো: আব্দুল মমিন (৪৯) ও মো: আবুল কালাম আজাদ (৪৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মমিন তার কোমরে অভিনব কায়দায় লুকানো স্বর্ণবারের কথা স্বীকার করেন।

বিজিবি জানায়, জব্দ করা স্বর্ণবারগুলোর ওজন এক কেজি ১৬২ গ্রাম। এছাড়া পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সুলতানপুর বিওপি বিজিবির হাবিলদার মো: মিজানুর রহমান দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের থানায় হস্তান্তর এবং জব্দ স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।