ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভিকটিম সদর উপজেলার পোনাবালিয়ার মরহুম হাকিম ব্যাপারীর ছেলে খোকন ব্যাপারী ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ের তালুকদার ফিলিং স্টেশনের কর্মচারী।
হামলায় নেতৃত্বদানকারী মেহেদী হাছান মাঝি স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। শনিবার সন্ধ্যা ৭টার দিকে পোনাবালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজাপুরের সাবেক মহিলা মেম্বার মাকসুদা বেগমের বাড়ির সামনের জলিল ফকিরের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, পোনাবালিয়া ইউপির সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
মেহেদি হাসান মাঝির নেতৃত্বে মরহুম মোশাররফ মাঝির ছেলে কাওছার মাঝী সাখাওয়াত খলিফার ছেলে
তানিম খলিফা, নান্নু মৃধার ছেলে রিয়াদ মৃধা পরিকল্পিতভাবে বিএনপির কর্মী খোকন বেপারীর উপর হামলা করে। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মেহেদী হাছান বলেন, ‘আমি ও খোকন ভাই আত্মীয়। আমাদের মধ্যে বিএনপির নির্বাচনী ওয়ার্ক করা নিয়ে ভুল বোঝাবুঝি ছিলো আমি সেটা সমাধান করতে আসছিলাম। আমি কোনো হামলা করিনি, তার মাথা কিভাবে ফাটছে আমি জানি না। খোকন বেপারী উল্টো আমার কলার ধরেছিলো পরে আমি সেখান থেকে চলে এসেছি।
সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



