চলনবিলে জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতামূলক কর্মসূচি পালন

বিলের মাছ, পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় পরিবেশকর্মীরা সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। যেটা খুবই ভালো উদ্যোগ। এ ধরনের কর্মসূচিতে বিলের জীববৈচিত্র্য রক্ষিত হবে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণে মানববন্ধন কর্মসূচি, (ডানে) লিফলেট বিতরণ
চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণে মানববন্ধন কর্মসূচি, (ডানে) লিফলেট বিতরণ |নয়া দিগন্ত

চলনবিলে পাখি, মা মাছ, পোনা মাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সিংড়ার চলনবিলের তাড়াশ-বারুহাস সাবমার্সিবল (ডুবন্ত) সড়কের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ, বিল পাড়ের মানুষদের নিয়ে চা আড্ডা ও সচেতনতামূলক প্রচারণা চালান স্থানীয় পরিবেশকর্মীরা।

পরে পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’র ব্যানারে বিলের ডুবন্ত সড়কে দাঁড়িয়ে ‘রূপ-বৈচিত্র্যে ভরা চলনবিল বাঁচলে, বাঁচবে প্রাণ-প্রকৃতি, সেই সাথে বাড়বে অর্থনীতির পরিধি’ এই শ্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় পরিবেশকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’র সভাপতি ও বিলহালতি ত্রি-মোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ, পচামাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম বাদল, চলনবিল মহিলা কলেজের প্রভাষক শরিফুল ইসলাম মান্নান, নাজিরপুর ডিগ্রি কলেজের প্রভাষক নাহমুদুল হক, সাংবাদিক আব্দুর রশিদ, আবু বকর সিদ্দিক, এম এ করিম, আব্দুল আলীম খাজা, বিএনপি নেতা আবু তাহের টগর, শিক্ষক হাসিবুল হাসান শিমুল, হোসেন আলী লেবু, ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা মৎস্য ভান্ডারখ্যাত চলনবিলে পাখি, মা মাছ, পোনা মাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে পরিবেশ ও ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা করে বিলাঞ্চলের জন্য একটি বাসযোগ্য ও সমৃদ্ধ চলনবিল গড়ে তোলার আহ্বান জানান।

এদিকে একই সময়ে বিলের পোনা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নিংগইন ডুবন্ত রাস্তায় অভিযান পরিচালনা করে দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ প্রমুখ।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে বর্ষার শুরুতেই নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। আর এই বিলের মাছ, পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় পরিবেশকর্মীরা সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। যেটা খুবই ভালো উদ্যোগ। এ ধরনের কর্মসূচিতে বিলের জীববৈচিত্র্য রক্ষিত হবে।