কক্সবাজারে তৃণমূল নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা শাখা।
সোমবার (৯ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ মাহফিলে উপজেলা ও ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াত আমির অধ্যাপক খুরশিদ আলম আনসারী।
সাবেক মেম্বার ও পিএমখালী ইউনিয়ন জামায়াত আমির হাফেজ মোস্তাক আহমদের সঞ্চালনায় সংগঠনের দায়িত্বশীল নেতারা বলেন, তৃণমূলের কর্মীদের আন্তরিকতা, ত্যাগ ও পরিশ্রমই সংগঠনের মূল শক্তি।
ইসলামী আদর্শ প্রতিষ্ঠা, সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক পরিবেশ গড়ে তোলা এবং মানুষের কল্যাণে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফরুল্লাহ ইসলামাবাদী। এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, চৌফলদন্ডী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাইহান উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন আমির মাওলানা জহিরুল ইসলাম ও ভারুয়াখালী ইউনিয়ন আমির নুরুল আমিন প্রমুখ।



