চৌগাছায় ২৫০ শয্যা ডা: আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন

সরকারি উদ্যোগের পাশাপাশি মানসম্মত বেসরকারি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় : নাসিমুল গনি

‘আধুনিক চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের এমন মানসম্মত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী |নয়া দিগন্ত

আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের চৌগাছায় নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট ডা: আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ‘আধুনিক চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের এমন মানসম্মত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় হাসপাতাল প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। নাসিমুল গনি শেলী হাসপাতালটির সফলতা কামনা করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: আনিসুজ্জামান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাছানুজ্জামান রাহিন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোরের সিভিল সার্জন ডা: মাসুদ রানা, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) এ কে নাজমুজ্জামান-শাহিন, খুলনার সাবেক সিভিল সার্জন ডা: এ এস এম আব্দুর রাজ্জাক, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ডা: মিজানুর রহমান, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (উপসচিব) মাহবুবুর রহমান মিলন, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জি এম মুনীব এবং চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের টিএইচএফপিও ডা: আহসানুল মিজান রুমি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানে পবিত্র আল-কোরআন তেলাওয়াত করেন হাফেজ হুমায়ুন কবির। পরে বৈজ্ঞানিক সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান হোসাইন মাহমুদ শওকত। সেমিনারে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, রোগ নির্ণয়, উন্নত স্বাস্থ্যসেবা এবং রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ডা: আনিসুজ্জামান হাসপাতালের যাত্রা চৌগাছাসহ আশপাশের এলাকার মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে। উন্নত চিকিৎসা সুবিধা স্থানীয় পর্যায়ে নিশ্চিত হওয়ায় রোগীদের বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং আগত অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

পরে প্রধান অতিথি চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। সন্ধ্যায় নিজ গ্রাম উপজেলার কয়ারপাড়া গ্রামের ফজলুল হক দাখিল মাদরাসার উদ্বোধন করেন।