রংপুরে অবৈধ শিশুখাদ্য সরবরাহের অভিযোগে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজাল খাদ্যসহ অবৈধ বিভিন্ন পণ্যের গোডাউন, দোকানে অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

অবৈধ শিশুখাদ্য সরবরাহের অভিযোগে রংপুরে দু’টি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্য পণ্য ধ্বংস করা হয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই এর তথ্যের ভিত্তিতে নগরীর কামাল কাছনা কুটির পাড়ায় দানেশ ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় মালিক দানেশ মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়।

অন্যদিকে একই এলাকার রুমন ট্রেডার্সের দু’টি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য সামগ্রী জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে মালিক আংগুর মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ, নুসরাত আরা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এফ এস ও লোকমান হোসাইন, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, এন এস আই এর উপপরিচালক আবু তাহের সরকার ও সহকারি পরিচালক মো: শামীম দেওয়ান উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ জানান, ভেজাল খাদ্যসহ অবৈধ বিভিন্ন পণ্যের গোডাউন ও দোকানে অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।