রাঙ্গামাটির লংগদুতে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানবিক উদ্যোগে এগিয়ে এলো বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় ও হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর লংগদু জোন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লংগদু জোনের মাল্টি পারপাস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি সরাসরি সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে সামগ্রী প্রদান করেন।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল- মুড়ি, ছোলা, খেজুর, মসুর ডাল, চিনি, ট্যাংসহ বিভিন্ন শুকনো খাদ্যদ্রব্য। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র ও অসহায় পরিবারগুলো এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মো: শাহীনূর আল সাকিব, পিএসসি, জেডএসও মেজর আল জাকারিয়া জোনসহ অন্য কর্মকর্তারা।
জোন অধিনায়ক মীর মোর্শেদ বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে ছোট পরিসরে হলেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’



