অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

ঈদের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হবে

‘আমার নাম ভাঙ্গিয়ে কোনো ধরনের সুবিধা নেয়ার চেষ্টা করবেন না। যোগ্যতা অর্জন করুন, ভালো কাজের মাধ্যমে নিজ নিজ অবস্থান তৈরি করুন। অহংকার থেকে দূরে থাকুন। অতীতে অহংকারের পরিণতি কী হয়েছে, তা সবারই জানা।’

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু |নয়া দিগন্ত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হবে। প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে।’

এ সময় প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করে ধাপে ধাপে দেশের প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আমার নাম ভাঙ্গিয়ে কোনো ধরনের সুবিধা নেয়ার চেষ্টা করবেন না। যোগ্যতা অর্জন করুন, ভালো কাজের মাধ্যমে নিজ নিজ অবস্থান তৈরি করুন। অহংকার থেকে দূরে থাকুন। অতীতে অহংকারের পরিণতি কী হয়েছে, তা সবারই জানা।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী আসন লালমনিরহাট সদরে এসে নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেটি এখন বিবেচ্য নয়। সবাইকে সাথে নিয়েই লালমনিরহাট গড়ে তোলা হবে।’

রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ইফতার, সেহরি ও তারাবিহ নির্বিঘ্ন রাখতে কাজ চলছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াত স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার দিকেও গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দায়িত্ব নেয়ার পর সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও লালমনিরহাটের দীর্ঘদিনের গুরুতর সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেয়া হবে।’ সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।

এর আগে মোস্তাফি, তিস্তা, মহেন্দ্রনগরসহ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। দলীয় আদর্শ বজায় রেখে জনকল্যাণে কাজ করার আহ্বানও জানান তিনি।