উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা জব্দ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর অধীন বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহলদল যৌথভাবে আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়। আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটের দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে বিজিবি টহলদল সাত থেকে আটজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে।

নিজস্ব প্রতিবেদক
বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা
বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা |সংগৃহীত

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর অধীন বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহলদল যৌথভাবে আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়। আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটের দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে বিজিবি টহলদল সাত থেকে আটজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা হাতে থাকা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পাঁচটি বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অধিকতর অভিযান পরিচালনা করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সাথে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরো জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।