ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত জেলা গোপালগঞ্জের তিনটি আসনেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা। জেলাটিতে বিএনপির জন্য এটি একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এবারের নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনে কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী।
গোপালগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৯৯,৫১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৮২১ এবং নারী ভোটার ১,৯৬,৬৮৯ জন। ভোটকেন্দ্র ছিল ১৩৮টি। বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮,৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো: কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। এ আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গোপালগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮৪,৩২৪ জন। এর মধ্যে পুরুষ ১,৯৪,০৬২, নারী ১,৯০,২৫৮ এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ছিল ১৫১টি। বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন ৪০,০৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। এখানে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গোপালগঞ্জ-৩ আসনে বড় ব্যবধানে জয় এস এম জিলানীর। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৮,৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ১,৫৮,৪০৫, নারী ১,৫০,৩৭৮ এবং তৃতীয় লিঙ্গেরে একজন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ছিল ১০৮টি। বিএনপি প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার পরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।
বিজয়ী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



