রংপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করে কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। মালিককে দেয়া হয়েছে ৩ মাসের কারাদণ্ড।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ৫টার দিকে নগরীর বেগম রোকেয়া কলেজের পাশে এই অভিযান চালায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর ও গোয়েন্দা পুলিশ।
এসময় হাতেনাতে ধরা পড়েন অবৈধ পলিথিন কারখানার মালিক মলিন মিয়া। জব্দ করা হয় প্রচুর পরিমাণে পলিথিন। এসব হারাগাছের বিড়ি কারখানায় ব্যবহার করা হতো। দীর্ঘদিন থেকে তিনি অবৈধভাবে এই ব্যবসা করে আসছিলেন। এসময় তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কারিমুল মওলা। একই সাথে সিলগালা করে দেয়া হয় কারখানাটি।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কারিমুল মওলা জানান, গোয়েন্দা পুলিশের মারফত তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং হাতেনাতে সেখানে অবৈধভাবে পলিথিন মজুদ জব্দ করি। এসব পলিথিন ও প্লাস্টিক ব্যবহার করা হতো হারাগাছের বিড়ি কারখানায়। মালিকপক্ষ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরিবেশ আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা না দেয়ায় তাকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রংপুর মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) শরিফুল ইসলাম জানান, ‘কারাদণ্ডাদেশ প্রাপ্ত মলিন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।



