বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৪ জুন) সকাল ১১টার দিকে আমড়াগাসিয়া ইউনিয়নের মহিষকাটা বাজার এলাকা থেকে সোহাগ মৃধাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহাগ মৃধা আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মরহুম বেলায়েত হোসেন মৃধার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান বলেন, ‘মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত বছর বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে খালেদা জিয়া উপহারটি গ্রহণ করে সোহাগের পরিবারের আর্থিক স্বচ্ছলতার কথা বিবেচনা করে গরুটি তাকে ফিরিয়ে দেন। পরবর্তীতে চলতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেছিলেন সোহাগ মৃধা।


