বরিশালে তথ্য কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে : তথ্য সম্প্রচার মন্ত্রী

অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বক্তব্য রাখছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
বক্তব্য রাখছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন |নয়া দিগন্ত

তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘সারাদেশের মতো বরিশালেও নির্মাণাধীন তথ্য কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানে গড়ে তুলে সব ধরনের তথ্য ও প্রযুক্তিগত সেবা দেয়ার প্রচেষ্টা করা হবে। প্রতিটি তথ্য কমপ্লেক্সে আধুনিক মানের সিনেপ্লেক্স থাকবে। সব ধরনের প্রযুক্তি নির্ভর সেবা এখান থেকে পাবে মানুষ।

রোববার (১৬ আগস্ট) বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই কমপ্লেক্সের সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করতে পারবেন গণমাধ্যম কর্মীরা। তাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা এখানে অব্যাহত থাকবে। ডিজিটাল বাংলাদেশ পর্যায়ক্রমে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তিনি তার বক্তব্যে বলেন, ‘অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মনিরুজ্জামান। তিনি জানান, ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বরিশালে সাতলা বিশিষ্ট এই তথ্য কমপ্লেক্স ভবনটি নির্মিত হচ্ছে।

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন উপ-প্রকল্প পরিচালক রেজাউর রাব্বী মনির।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: শাহ আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার, গণ যোগাযোগ অধিদফতরের মহাপরিচালক আবদুল জলিল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।