নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক পঙ্খিরাজ খাল পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
শুক্রবার (১৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার ঐতিহাসিক পানাম নগরীর পাশে পঙ্খিরাজ খালের তীরে মানববন্ধনের আয়োজন করে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের গুরুত্বপূর্ণ নৌপথ ছিল পঙ্খিরাজ খাল। ঐতিহাসিক পানাম নগরীকে ঘিরে প্রবাহিত এ নদীপথ ব্যবহার করেই দেশ-বিদেশে বিখ্যাত মসলিন কাপড় রফতানি করা হতো। কালের পরিক্রমায় দখল ও ভরাটের কারণে খালটি এখন প্রায় বিলুপ্তির পথে।
বক্তারা দ্রুত খাল পুনঃখনন করে সংরক্ষণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে নদী, খাল ও জলাশয় দখলমুক্ত করার দাবিও জানান তারা।
তারা আরো বলেন, সোনারগাঁওয়ের বিভিন্ন খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে। এতে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।
সংগঠনটির আহ্বায়ক কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো: মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমা’র প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, এরশাদ হুসাইন অন্য সংগঠনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী।



