গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে দুলালি বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিরাজ আলীকে স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বিরাজ আলীর সাথে তার স্ত্রী দুলালি বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিরাজ আলী ধারালো ছুরি দিয়ে দুলালির বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর অভিযুক্ত বিরাজ আলী পালিয়ে পাশের একটি পাটক্ষেতে আত্মগোপনের চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, "স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানোর প্রস্তুতি চলছে।"
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ করছে।



