ভোলার বোরহানউদ্দিন উপজেলা ও পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৩১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নে প্রায় ২৯০০ পরিবার এবং বোরহানউদ্দিন পৌরসভায় ২০০ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল সিদ্ধ চাল, গুঁড়া চাল, সেমাই, চিনি, দুধ, কিশমিশ ও বাদামসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাকসুদুর রহমান, জেলা কর্মপরিষদের সদস্য ও বোরহানউদ্দ্দিন পৌর মেয়র পদপ্রার্থী উপাধ্যক্ষ এ এইচ এম ওয়ালিউল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমানুল্লাহ, সেক্রেটারি মো: মাকসুদুর রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু সমাজের অনেক অসহায় মানুষ আর্থিক সঙ্কটের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।’
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী সবসময়ই মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই, সমাজের বিত্তবান মানুষরাও যেন এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।’
এ সময় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে এ ধরনের সহায়তা কর্মসূচি সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।



