মুহাম্মদ হানিফ ভূঁইয়া, নোয়াখালী ও মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ওমান প্রবাসী একই পরিবারের নিহত সাতজনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে তিনজন নারী, চারজন শিশু রয়েছে।
বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী-লক্ষীপুর সড়কের পূর্ব চন্দ্রগঞ্জের গজদীশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা (৫৫), ভাবি লাবনী (৩০), ভাতিজী রেশমী (৮) ও লামিয়া (৭) ফয়জুন্নেসা, মেয়ে মিম (২), স্ত্রী কবিতা (২৪) এবং বৃদ্ধ নানি ফয়জুনন্নেছা (৮০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরত এক প্রবাসী পরিবারকে বহনকারী মাইক্রোবাস ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব চন্দগঞ্জের গজদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঘটনার পর থেকে মাইক্রোবাসচালক পলাতক রয়েছে। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটে। লাশগুলো আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় মামলা নেয়া হচ্ছে।



