খুলনার দৌলতপুরে ওমর ফারুক (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুরে মাছের ঘের থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত ফারুক তার মা ও বোনের সাথে দৌলতপুরে বসবাস করতেন। তাদের বাড়ি সাতক্ষীরায়। তার বাবাকে খুলনায় আসার জন্য খবর দেয়া হয়েছে।
নিহত যুবক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহীম শেখের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো: মুরাদুল ইসলাম বলেন, ‘তার মাথায় ও বুকে দু’টি গুলির চিহ্ন পাওয়া গেছে। লোকমুখে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে লাশ সনাক্ত করে। তবে কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।’
কেএমপি উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, ‘সকালে এক ব্যক্তি ঘেরের পাশে লাশ পড়ে থাকতে দেখে দৌলতপুর থানার স্থানীয় একটি ফাঁড়ির আইসিকে অবগত করেন। তার শরীরে দু’টি স্থানে গুলিবিদ্ধ হয়েছে। মাথায় এবং বুকের মাঝখানে গুলি দেখা গেছে। মৃত দেহের পাশে ব্যবহৃত মোবাইল ফোন পড়ে থাকতে দেখে বড় বোনের কাছে পুলিশ ফোন দিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়।’



