গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন

‘বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে স্থাপিত ‘চির উন্নত বিজয় নিশান’ কেবল একটি স্থাপনা নয়; এটি জাতির অগ্রযাত্রা, আত্মত্যাগ ও শৌর্যের দৃশ্যমান স্মারক। ‘চির উন্নত বিজয় নিশান’ আমাদের গৌরবময় ইতিহাস ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক। এই পতাকা আমাদের প্রত্যেক সদস্যকে শপথ করাবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন
পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন |নয়া দিগন্ত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ (ফ্ল্যাগপোল) ‘চির উন্নত বিজয় নিশান’-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কালিয়াকৈরের সফিপুরস্থ বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে নবনির্মিত এ পতাকাস্তম্ভের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পতাকাস্তম্ভের উদ্বোধন করেন। ১২০ ফুট উচ্চতার এই স্তম্ভটি বর্তমানে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ হিসেবে বিবেচিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যাকাডেমি প্রাঙ্গণে স্থাপিত সুউচ্চ স্তম্ভে উত্তোলিত পতাকার নাম ‘চির উন্নত বিজয় নিশান’। পতাকাস্তম্ভটির উচ্চতা ১২০ ফুট, যা দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ হিসেবে বিবেচিত। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট ও প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট। ‘চির উন্নত বিজয় নিশান’ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে জাতির গৌরবগাঁথাকে বহন করে।

দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভে উড্ডীয়মান জাতীয় পতাকা অ্যাকাডেমি প্রাঙ্গণে প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্য ও আত্মমর্যাদার প্রেরণা জাগ্রত করে এবং দেশের সেবায় আত্মনিয়োগের দৃঢ় অঙ্গীকারকে আরো সুদৃঢ় করে। এ আয়োজন ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বাহিনীর দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে নব উদ্দীপনায় উদ্ভাসিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ বাহিনীর প্রায় পাঁচ লাখ ৭০ হাজার সদস্য নিয়োজিত ছিলেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।’

তিনি বলেন, ‘আজ মহান ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তার মহান আত্মত্যাগ বাহিনীর প্রতিটি সদস্যের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ ও আত্মত্যাগে অনুপ্রাণিত হওয়ার পাথেয়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে স্থাপিত ‘চির উন্নত বিজয় নিশান’ কেবল একটি স্থাপনা নয়; এটি জাতির অগ্রযাত্রা, আত্মত্যাগ ও শৌর্যের দৃশ্যমান স্মারক। ‘চির উন্নত বিজয় নিশান’ আমাদের গৌরবময় ইতিহাস ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক। এই পতাকা আমাদের প্রত্যেক সদস্যকে শপথ করাবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।’

তিনি অ্যাকাডেমির চলমান উন্নয়ন কার্যক্রম প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন, শৃঙ্খলা সুদৃঢ়করণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আরো সক্ষম করে তুলবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি অ্যাকাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপ-মহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।