জামালপুরের ইসলামপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় মো: শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৬) নামে দু’জন নিহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত শামিম উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের বাসিন্দা মরহুম মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, সকালে নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে শামীম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে।
গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপদিকে, উপজেলার যমুনার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় সকাল ৯টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন এক ঠিকাদরী প্রতিষ্ঠানে একটি পাকা সড়কের নির্মাণকাজ করার সময় বজ্রপাতে শ্রমিক সাগর ঘটনাস্থলেই নিহত হয়। ওই সড়কে ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে সবাই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সাগর কিছুটা পেছনে পড়ে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহ আলম মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাইয়ূম গাজী বলেন, ‘বজ্রপাতে দু’জনের মৃত্যুর খবর পেয়েছি।’



