জনি হত্যা মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনি হত্যা মামলায় একজন আসামি গ্রেফতার হলেও অন্য অভিযুক্তরা এখনো পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে তারা দাবি করেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ
নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকার আলোচিত জাহাঙ্গীর আলম জনি হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং মামলার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নিহত জাহাঙ্গীর আলম জনির আত্মীয় ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনি হত্যা মামলায় একজন আসামি গ্রেফতার হলেও অন্য অভিযুক্তরা এখনো পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে তারা দাবি করেন।

বক্তারা আরো বলেন, মামলার গ্রেফতার হওয়া আসামি ফারজানা আক্তার মুন্নি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এ মামলার অভিযুক্ত হাফসা আক্তার শৈলী, মো: সৈকত, লিংকন, আমিনা বেগমসহ অন্যান্য পলাতক আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে মামলার বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় জনি হত্যা মামলার বিচারের দাবিতে ফতুল্লা মডেল থানা ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন।

মানববন্ধনে নিহত জাহাঙ্গীর আলম জনির বাবা মো: আবদুল শুক্কুর মিয়া, ভগ্নিপতি মো: আল আমিন, ভাই এম তানভীর, চাচা মিলন মিয়া, প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকসহ দেলপাড়া এলাকার বাসিন্দা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।