রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (১৩ জুলাই) বিকেলে তিনি শহীদ জিয়া শিশু পার্কটি পরিদর্শন করেন। তার সাথে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ পার্কের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, ‘রাজশাহীতে শিশুদের বিনোদনের এ কেন্দ্রটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণের কারণে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিগত সময়ে পার্কটির কোনো উন্নয়ন করা হয়নি। শহীদ জিয়া শিশু পার্কটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। ’
এ সময় পার্কটিকে আরো আকর্ষণীয় করতে এখানে বার্ড কর্নার, ফিস একুরিয়াম স্থাপন করার বিষয়ে তিনি পরামর্শ দেন।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, সচিব সোহেল রানা, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



