শ্রমিকের মর্যাদা ও সুরক্ষায় টঙ্গীতে দ্বৈত দিবস পালিত

বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। ১৮৮৬ সালের শিকাগো শ্রমিক আন্দোলনের আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রেরণার উৎস। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।

গাজীপুর প্রতিনিধি

Location :

Gazipur
শ্রমিকের মর্যাদা ও সুরক্ষায় টঙ্গীতে দ্বৈত দিবস পালিত
শ্রমিকের মর্যাদা ও সুরক্ষায় টঙ্গীতে দ্বৈত দিবস পালিত |নয়া দিগন্ত

শ্রমিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদার দাবিকে সামনে রেখে শিল্পনগরী টঙ্গীতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তন (টিআই), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং গাজীপুর জেলা প্রশাসন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নুরুল করিম ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তনের পরিচালক মিনু আফরোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজির, জেলা ম্যাজিস্ট্রেট মোছা: সালমা খাতুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক প্রকৌশলী এম এ মামুন অর রশিদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, হামেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লা, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো: জাকারিয়া খালেদসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। ১৮৮৬ সালের শিকাগো শ্রমিক আন্দোলনের আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রেরণার উৎস।

তারা আরো বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য।