জুলাই গণঅভ্যুত্থান দিবসে আমদানি-রফতানি বন্ধ, বেনাপোলে আটকা পড়েছে শতাধিক ট্রাক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায়-বেনাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি হচ্ছে না। বন্ধ রয়েছে কাস্টমস ও বন্দরের কার্যক্রম।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jessore Sadar
বেনাপোল স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর |ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবসের সরকারি ছুটিতে আজ বুধবার সকাল থেকে দেশের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে সব ধরনের আমদানি-রফতনিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। আমদানি-রফতানি বন্ধ থাকায় দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায়-বেনাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি হচ্ছে না। বন্ধ রয়েছে কাস্টমস ও বন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে এবং কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।

তিনি আরো জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার কারণে দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পন্যবাহী ট্রাক। যার বেশিভাগেই রয়েছে বাংলাদেশের শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে বুধবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।