কুমিল্লার চৌদ্দগ্রামে অবহেলিত পদুয়া-গুণবতী আঞ্চলিক সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার আলকরা ও গুণবতী ইউনিয়ন জামায়াতের অর্থায়নে সংস্কার কাজের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ডা: মঞ্জুর আহমেদ সাকি এবং গুণবতী ইউনিয়ন আমির মো: ইউসুফ মেম্বার।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত পদুয়া-গুণবতী সড়ক একটি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট ও ফেনীর দাগনভূঞা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে খানা-খন্দকে পরিণত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী মানুষ সড়কটি দিয়ে চলাচলে ভয়াবহ ভোগান্তি পোহাতে হয়। মানুষের ভোগান্তি কমাতে স্থানীয় দুই ইউনিয়ন জামায়াতের অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ (সোমবার) সড়কটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। পুরো সড়কটি চলাচলের উপযোগী করতে কনক্রিট ও বালু ফেলে রোলার দিয়ে সমান করা হবে। এতে করে গাড়ি চলাচল ও মানুষের ভোগান্তি কমে যাবে।
পদুয়া-গুণবতী সড়কে সিএনজি অটোরিকশাচালক আবু মিয়া বলেন, সিএনজি অটোরিকশা চলাচলে অনেক দুর্ভোগ। জামায়াতের উদ্যোগে সংস্কারের উদ্যোগ নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংস্কার শেষ হলে আমাদের কষ্ট শেষ হয়ে যাবে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা: মঞ্জুর আহমেদ সাকি বলেন, সড়কটি দিয়ে চলাচলে মানুষ ভোগান্তি কমাতে জামায়াতের উদ্যোগে সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করছি, কাজ শেষ হলে মানুষের যাতায়াত সহজ হবে।
সড়ক সংস্কারের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের গুণবতী ইউনিয়ন সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, আলকরা ইউনিয়ন সেক্রেটারি আবু নাছের, গুণবতী ইউনিয়ন সহকারী সেক্রেটারি আবদুল হামিদ, আলকরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ।



