সিলেটের গোলাপগঞ্জে এক প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের বাধার মুখে অভিযুক্তরা একটি নোয়াহ গাড়ি ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও অস্ত্র জব্দ করেছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাহতাব উদ্দিন (৭৪) থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, লন্ডনপ্রবাসী জাভেদ আহমেদের বৃদ্ধ মা-বাবা ওই বাড়িতে বসবাস করেন। অভিযোগ রয়েছে, তিনি বিদেশে ফিরে যাওয়ার পর তার জমি দখলের উদ্দেশ্যে বহিরাগত লোকজন নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করা হয়। জমিটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং ওই জমির ওপর ১৪৪ ধারা জারি আছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খন্দকার রায়হান উদ্দিনের নির্দেশে ফখরুল ইসলামসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করেন। এ সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। জনতার উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা একটি নোয়াহ গাড়ি ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোয়াহ গাড়ি এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রবাসীদের সম্পত্তির নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ঘটনাস্থল থেকে একটি গাড়ি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"



