ফেনী জেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ১২০টি গরু কোরবানি দেয়া হয়েছে। এসব গরুর গোশত প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে পৌঁছে দেন নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, জেলার বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ১২০টি গরু কোরবানি দিয়েছে জামায়াত। ঈদের দিন ও পরদিন এসব কোরবানির গোশত অসহায় পরিবারের মধ্যে পৌঁছে দেয়া হয়।
দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান ও শহর আমির নজরুল ইসলামসহ নেতাকর্মীরা পাড়া-মহল্লায় এসব গোশত বিতরণ করেন।
জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আ.ন.ম আবদুর রহীম বলেন, ‘সর্বস্তরের নেতাকর্মী ও সুধী-শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় সংগঠনের পক্ষ থেকে এসব পশু আল্লাহর নামে কোরবানি দেয়া হয়েছে।’
জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‘জামায়াতে ইসলামী ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবারের মতো এবারো গরু কোরবানি করেছে। কোরবানি করতে না পারা সমাজের অসহায়দের এই গোশত পৌঁছে দেয়া হয়। অতীতের মতো আল্লাহ সন্তুষ্টি অর্জন ও মানুষের কল্যাণে আগামী দিনেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’



