সিলেটে অনলাইন জুয়ার আসর থেকে ৬ জন আটক

অনলাইন জুয়ার বোর্ডগুলো দেশের বাইরে থেকে পরিচালিত হয়। স্থানীয়ভাবে সংগৃহীত অর্থ তারা বিকাশসহ এমএফএস অ্যাপস-এর মাধ্যমে পাঠায়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গ্রেফতার ছয় জুয়াড়ি
গ্রেফতার ছয় জুয়াড়ি |নয়া দিগন্ত

সিলেট নগরীর কাস্টঘর সুপার কলোনিতে অনলাইন জুয়া খেলার আসর থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বৃহস্পতিবার (১৪ মে) র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাস্টঘর সুপার কলোনিতে অভিযান চালায় র‌্যাবের একটি আভিযানিক দল। অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে ছয়জনকে আটক করা হয়।

আটকরা হলেন— সিলেট নগরীর কাস্টঘরের গামা লালের ছেলে চন্দন লাল (৩০), মরহুম কালুয়া লালের ছেলে জনিক (৪২), মরহুম কাইয়া লালের ছেলে জন্টু (৩৯), বারুতখানা জেলরোডের মো: আলাউদ্দিনের ছেলে আশরাফুল (৩৭), শিবগঞ্জ লামাপাড়ার মরহুম আবদুল কাদিরের ছেলে ফারুক মিয়া (৩৯) ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চাঁন্দেরনগর গ্রামের মরহুম মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৬)।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে আরো আট থেকে ১০ জন পালিয়ে যায়। এ সময় একটি স্মার্টফোন, ১৭৭টি টালি খাতা ও চারটি জুয়ার বোর্ড জব্দ করা হয়।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, অনলাইন জুয়ার বোর্ডগুলো দেশের বাইরে থেকে পরিচালিত হয়। স্থানীয়ভাবে সংগৃহীত অর্থ তারা বিকাশসহ এমএফএস অ্যাপস-এর মাধ্যমে পাঠায়।

তিনি আরো বলেন, তাদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইলফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।