কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে জুলাই স্মৃতি আন্তঃমেডিক্যাল কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে ময়নামতি মেডিক্যাল কলেজ ৪-২ গোলে ইস্টার্ন মেডিক্যাল কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার (২৪ জুলাই) রাতে কুমিল্লা নগরের ভুঁইয়া টার্ফ গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। অন্য দু’টি দল হলো কুমিল্লা মেডিক্যাল কলেজ ও সেন্ট্রাল মেডিক্যাল কলেজ।
খেলা শেষে এনডিফের কুমিল্লা শাখার সভাপতি ডা: জহির উদ্দীন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা: মুজিবুর রহমান বলেন, ক্রিড়া প্রতিযোগিতা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজন প্রয়োজন। এনডিএফের উদ্যোগে এবারই প্রথম এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে কুমিল্লার বিভিন্ন হাসপাতালকেও এ ধরনের আয়োজনে সম্পৃক্ত করা হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কার দেয়া হয়।
এ সময় ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: ফজলুল হক লিটন, এনডিএফ নেতা ডা. শাহ আলম, ডা: জহিরুল আলমসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



