চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ভিক্ষুকের ঘর থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারের মদনবাবুর মোড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন আলমডাঙ্গা উপজেলার জেহালার দবিরুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম রঞ্জু (৩৮) ও একই এলাকার মরহুম খলিল হোসেনের ছেলে ভোলা হোসেন (৩৫)।
পুলিশ জানায়, জেহালার মুন্সিগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে ভিক্ষুক জোসনা খাতুন (৬৮) ও তার প্রতিবন্ধী ছেলে বসবাস করেন। গত ১৭ আগস্ট রাতে তারা বাড়ি ফিরে দেখেন যে ঘরের তালা ভাঙা এবং ভিক্ষার টিনে রাখা চিকিৎসার জন্য ভিক্ষা করে জমানো ৫০ হাজার টাকা চুরি হয়েছে। পরে অভিযান চালিয়ে পুলিশ ২৯ হাজার ৮০ টাকা উদ্ধার করেছে এবং দুজনকে আটক করেছে। বাকি টাকা উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, ‘দুইজনকে আটক করা হয়েছে। অসহায় ভিক্ষুকের টাকা উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং দ্রুততম সময়ে টাকা ফেরত দিতে পেরেছি।’



